২৬ মার্চ ২০১৩ - ১৯:৩০

ইরানের ওপর একতরফা অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করায় ইউরোপীয় ইউনিয়ন বা ইইউ’র বিরুদ্ধে মামলা করেছে তেহরান।

 

বার্তা সংস্থা আবনা : ইরানের ওপর একতরফা অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করায় ইউরোপীয় ইউনিয়ন বা ইইউ’র বিরুদ্ধে মামলা করেছে তেহরান। আন্তর্জাতিক একটি ট্রাব্যুনালে তেহরানের পক্ষে এ মামলা করেছে ইরান এলএনজি কোম্পানি।

কোম্পানি এক বিবৃতিতে মঙ্গলবার বলেছে, “২০১২ সালে কালো তালিকাভুক্ত করার পর ইউরোপীয় ইউনিয়নের বিরুদ্ধে মামলা পরিচালনা ও প্রয়োজনীয় তথ্য-প্রমাণ তুলে ধরার জন্য কোম্পানি বেশ কয়েকজন উপদেষ্টা ও একটি আইনি প্রতিষ্ঠানকে নিয়োগ দিয়েছে।”

আদালত এরইমধ্যে ইইউ-কে নিষেধাজ্ঞার পক্ষে প্রয়োজনীয় তথ্য-প্রমাণ উপস্থাপন করার নির্দেশ দিয়েছে। তবে, বিশ্লেষকরা বলছেন, ইউরোপীয় ইউনিয়ন এ বিষয়ে যথেষ্ট তথ্য-প্রমাণ উপস্থাপন করতে না পারায় ইরান এলএনজি কোম্পানিকে কালো তালিকা থেকে শিগগিরি মুক্তি দেয়া হবে। 

মার্কিন চাপের মুখে ইউরোপীয় ইউনিয়ন ২০১২ সালে ইরানের জ্বালানি খাতে নিষেধাজ্ঞা আরোপ করে। তবে, ইরান বলে আসছে ২০১৪ সালের আগেই আন্তর্জাতিক বাজারে এলএনজি গ্যাসের প্রথম চালান সরবরাহ করতে পারবে তারা।#রেডিও তেহরান